

প্রকাশ: ০০:০০,বুধবার , ০৪ মার্চ, নিজস্ব প্রতিবেদকঃ, ২০২৬, শ্রীনগর দর্পণ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে প্রায় ১০ দিন ধরে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। মামলায় ইউপি সদস্যসহ অর্ধশতাধিক নারী-পুরুষকে আসামি করায় নিরীহ বাসিন্দাদের মধ্যেও চরম ভীতি বিরাজ করছে।মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একটি দল সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির হোসেন আশিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে আলমপুর গ্রামে অভিযান চালায়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশের সদস্যরা আশিকের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে ডাকাডাকি শুরু করেন। এ সময় বাড়ির লোকজন আশিক বাড়িতে নেই বলে জানায়।একপর্যায়ে বাড়ির একটি ঘর থেকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের কাছে রাতের অভিযানের কারণ জানতে চান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতির অবনতি হলে পুলিশ সদস্যরা সরে গিয়ে কাছাকাছি একটি সিএনজির কাছে অবস্থান নেন। এ সময় সংঘবদ্ধ লোকজন এসআই গোলাম মোস্তফা, কনস্টেবল আব্দুল মালেক ও সুরুজ মিয়ার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। পরে তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে থানায় খবর দেন।খবর পেয়ে এএসআই মনিরুজ্জামানসহ পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় এএসআই মনিরুজ্জামান বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য মো. ইউসুফ খানকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।গ্রেপ্তার আতঙ্কে আলমপুর গ্রামের অধিকাংশ পুরুষ সদস্য এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে গত ১০ দিন ধরে গ্রামটি কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে।স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, যারা দোষ করেছে তাদের শাস্তি হোক, কিন্তু নিরীহ মানুষও আতঙ্কে বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে।একই গ্রামের আল আমিন বলেন, অজ্ঞাতনামা আসামি বেশি থাকায় সবাই ভয়ে আছে। ফলে গ্রামের পুরুষরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার আগের দিন দুই যুবককে মাদকসহ আটক করে এলাকাবাসী মারধর করে এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ওই ঘটনার জেরে রাতে পুলিশ আসায় ভুল বোঝাবুঝি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে হামলার ঘটনা ঘটে।মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই তারেক আহমেদ জানান, প্রধান আসামি ইউসুফ খানকে গ্রেপ্তার করে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেছেন।এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
(সম্পাদক)
ঠিকানাঃ
অস্থায়ী অফিসঃ দক্ষিণ মান্দ্রা ট্রান্সমিটার মোড়,
ভাগ্যকুল যুব সমাজকল্যাণ সংসদ – ভাগ্যকুল,শ্রীনগর