ঈদের আনন্দ ভাগাভাগি: শ্রীনগরের বাঘড়ায় ধ্রুব ফাউন্ডেশনের উপহার পেল শতাধিক পরিবার

0
4

অপু হোসেন লোকমান,শ্রীনগর,মুন্সিগঞ্জ:

পবিত্র ঈদকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুব ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে ১০০টিরও বেশি অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ঈদ মানেই আনন্দ, কিন্তু সমাজের অনেক সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এই আনন্দ প্রায়ই অধরা থেকে যায়। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ধ্রুব ফাউন্ডেশনের একদল তরুণ স্বেচ্ছাসেবী এগিয়ে আসে মানবতার সেবায়। তাদের নিরলস প্রচেষ্টায় প্রবাসী সদস্য ও উপদেষ্টা পরিষদের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,সেমাই,চিনি,আলু,পেয়াজ,তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা ঈদের আগে পরিবারগুলোর জন্য বড় সহায়তা হিসেবে কাজ করেছে। উপহার পেয়ে অনেকেই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক উপকারভোগী বলেন, এই সহায়তা আমাদের জন্য ঈদের আগে বড় স্বস্তি। অন্তত পরিবার নিয়ে ভালোভাবে ঈদটা করতে পারব।
সংগঠনের সভাপতি মশিউর রহমান সোহাগ বলেন, “আমরা ২০২০ সাল থেকে নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। ঈদসহ বিভিন্ন সময়ে এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করি। সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি রবিউল ইসলাম, উপদেষ্টা রাজীব হোসেন, লোকমান খান, রুবেল খান, সুজন ইসলাম এবং সদস্য ইব্রাহিম শেখ, সালেহীন, আমির হামজাসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা সকলে মিলেই উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। স্থানীয়দের প্রত্যাশা, ধ্রুব ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরও বেশি মানুষকে সহায়তার আওতায় আনবে।
সবশেষে আয়োজকদের প্রত্যাশা—ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরে, আর কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে