আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে সবাইকে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে এবং যে কোনো ধরনের কারচুপির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ১২ তারিখে যে ভোট দিতে যাচ্ছেন, সেই ভোটের অধিকার এক সময় বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরিবার আপনজন হারিয়েছে।
তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে। একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আরেকটি গোষ্ঠী আছে, যারা আগে ও এখন- সব সময়ই ক্ষমতার সঙ্গে ছিল।
















